হোটেলস ডটকম, এক্সপেডিয়ার কয়েক মিলিয়ন গ্রাহকের ডেটা ফাঁস

৯ নভেম্বর, ২০২০ ০২:১৪  
চলমান করোনাভাইরাস মহামারিতে এমনিতেই বেকায়দায় বিশ্বের পর্যটন খাত। তার উপরে এই খাতে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি। ওয়েবসাইট প্লানেট জানিয়েছে, হোটেল ডটকম, বুকিং ডটকম এবং এক্সপেডিয়া পরিচালনাকারী কোম্পানি প্রেস্টিজ সফটওয়্যারের কয়েক মিলিয়ন গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস এস৩ বাকেট থেকে এই তথ্য ফাঁস হয়েছে। খবর এনগ্যাজেট। ২০১৩ সাল থেকে বর্তমান পর্যন্ত সময়ের প্রায় ১০ মিলিয়ন (এক কোটি) এর অধিক লগ ফাইলের মধ্যে রয়েছে নাম, ক্রেডিট কার্ডের তথ্য, আইডি নাম্বার ও রিজার্ভেশন তথ্য। এটা নিশ্চিত নয় যে ঠিক কতোক্ষণ পর্যন্ত এই ডেটাগুলো উন্মুক্ত ছিলো কিংবা কেউ এটি সংগ্রহে রেখে দিয়েছে কিনা। অ্যামাজন ওয়েব সার্ভিসকে বিষয়টি জানানোর একদিন পর সার্ভারের ত্রুটি দূর করা হয় বলে জানিয়েছে ওয়েবসাইট প্লানেট। তবে প্রেস্টিজ জানিয়েছে ডেটা সুরক্ষিত আছে। তবে ডব্লিউপি জানিয়েছে, এই ডেটাগুলো অন্য কেউ হাতিয়ে নিলে বড় ধরণের ক্ষতি হতে পারে। হ্যাকাররা ক্রেডিট কার্ড জালিয়াতি, চুরিসহ নানা অপকর্ম করতে পারে। এছাড়া একজনের রিজার্ভেশন চুরি করে নিজের করে নিতে পারে অপকর্মকারীরা। ডিবিটেক/বিএমটি